আমি এক নাবিক—সম্মুখে অজানা দেশের রাজধানী
অতিদূর ছায়াঘেরা অদ্বিতীয় নগরখানি
কী অপরূপা কী মোহিনী ঝিলিমিলি হাসে সুরের ঝরনা
দূর হতে হাতছানি দেয় মায়াভরা অলীক পরশনা
নিযুত স্ফুলিঙ্গ দেখি-- চেয়ে থাকি স্থির অনিমেষ চোখে
বিস্ময়-বিমুগ্ধ আমি অদ্ভুত এক পুলক-আলোকে অজস্র উঁচু উঁচু মিনার জাগে
চির জাগ্রত,ডাকে মোরে—কাছে আরও কাছে
নিশীথের আলোয় যেন প্রাণ তার অহরহ নাচে


সমুদ্রের তীর ঘেঁষে নগরীর পাষান হৃদয় কি ব্যাকুলতা
স্মৃতির সরনি বেয়ে চলেছে তার সে পুরোনো দিনের প্রথা
মোটরের হেডলাইটগুলো পথ দেখায়
যেন এক মহাকাব্যের আড়ালে এ নগর

হে রাজধানী—জানি এখনো ঘুমাও নি তুমি
জানি তোমার চোখে ঘুম নেই
এ কোলাহল সমুদ্রময় সরনি তোমাকে ঘুমাতে দেয় নি -দেবে না
এ অতল অন্ধকার শহরের বুকে
কত নির্যাতনের ছাপ
এক পশলা ঘুমও হয়ত আসেনি তোমার
ষাঁড়ের মত চিৎকার করে ছুটে যাচ্ছে গাড়িগুলো
তোমার ইন্দ্রিয়গুলো আধো জাগ্রত
প্রকৃত অর্থেই তোমার কোন ঘুম নেই
এ শহরে শুধু ইট পাথরই ঘুমায়
মানুষের চোখে কোন ঘুম নেই
সত্য তব এ সংসারের অমোঘ বাণী
ঘুমহীন তুমি, তুমি চির অনিদ্র-অনিন্দ্য হে রাজধানী

আমি জাহাজ থেকে নেমে
বিংশ শতাব্দীর কোন ক্যাফেইনে
নিয়ন হলুদ আলোয়
নিঃসঙ্গ বসে কফি পান করেছিলাম
আর এ শহরটা নিয়ে ভাবছিলাম
তখন ট্রামলাইনগুলো কোন ডিপোর
অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল
আমি অনেককেই বারান্দার গ্রিল ধরে
দাঁড়িয়ে থাকতে দেখলাম
তার মধ্যে তুমিও ছিলে একজন
এত কৃত্রিম আলোর জাঁকজমকের মধ্যেও
তুমি ছিলে উজ্জ্বলতম
নগরের কোলাহলময় সমুদ্র
ল্যাম্পপোস্টের হলুদ নিয়ন আলো
ইট পাথরের এ নগর
সব ছাপিয়ে গেছো তুমি
এই তিলোত্তমা শহর যেন
নির্জন হয়ে ছিল ক্ষনিকটা সময়
সবুজ পার্কের কালো বেঞ্চ
শহরের পিচ ঢালা কালো রাস্তা
সব ছাপিয়ে তুমি সে উজ্জ্বলতম নক্ষত্র


এই সে শহর রাতের নাগরি
এখানে মানুষ বিক্রি হয় বিক্রি হয় নগ্নাবৃত মূর্তি
মানুষের খুনে মানুষের মত্ততা আমোদ ফুর্তি
শহরবাসে রাতের কথা যেনো মিথ্যা অলীক কল্পনা
চারিদিকে বিদ্যুৎ বাতি এঁকেছে টিমটিমে সে অল্পনা
এখানে ঘুম একটুকরো বিলাসীতা মাত্র

এ শহর কখনোই ঘুমায় না
রাতে এ শহর আরো কাছে চলে আসে
শুধু ছাদের কার্নিশ থেকে আস্ত চাঁদ দেখা যায়
এ শহরে রাস্তার চোখে ঘুম নেই বিনিদ্র
শহরে কখনোই সমাধির মত শীতল নীরব নয়
এর রাতের মানচিত্র আমাকে খুন করে
তার রূপে অবয়বে শীতল প্রেমের টানে
শহর অর্ধেক আলো আর আধো ছায়ায় ঢাকা
ঠিক আধো চাদের মতো
গ্রাম যেমন শরতের পূর্ণ চাঁদ

রাত নেমে আসে এই চেনা শহরে
মিশে যায় এ শহর আলো আর আধারে
কারখানার চিমনিগুলো স্তব্ধ যখন
ক্লান্ত দিনের চিতাভস্মে জেগে ওঠে
রাতের শহর
জানি এ শহর পুজিপাতের বিলাসিতার গান
আর ফুটপাতের উলঙ্গ শিশুর ক্ষুধার্ত উপাখ্যান

তবু নক্ষত্রেরা চেয়ে রয় নির্নিমেষ আঁখিতে
যেন কোন কথা সুরে সুরে চায় মোরে
এ শহরে আপন করে বাধিয়া রাখিতে