২GB ব্রেইনের ২০৪৮GB স্মৃতি
নেশান্তপ্রতীক আশরাফ
২GB ব্রেইন—
ছোট্ট এক প্রসেসর,
ভেবে ভেবে হোঁচট খায়,
এক সেকেন্ডে হাজারটা ভাবনা চালাতে গিয়েও
ল্যাগ হয়ে যায় মাঝে মাঝে।
কিন্তু—
স্মৃতির সার্ভারটা বিশাল!
২০৪৮GB নয়,
মনে হয় যেন মহাবিশ্বের ড্রাইভ ভরাট করে রাখা ছবি,
পুরনো হাসি, হারিয়ে যাওয়া কণ্ঠ,
প্রেমিকার ছুঁয়ে যাওয়া হাতের উষ্ণতা,
অথবা প্রথম ব্যর্থতার তিক্ত স্বাদ।
এই ছোট্ট ব্রেইন
হিসেব কষতে পারে না দ্রুত,
তবু ভুলতে পারে না সহজে।
হাজার বছর পরও
কারো ছোঁয়া, কারো কণ্ঠ,
কিংবা সেই ভাঙা বিকেলের কান্না
রিফ্রেশ হয়ে পপ-আপ হয়ে যায় হঠাৎ।
আসলে—
মস্তিষ্ক হলো অদ্ভুত এক হার্ডড্রাইভ,
যেখানে মুছতে পারি না আমরা
সবচেয়ে অপ্রয়োজনীয় ফাইলগুলোই।
আর প্রেম?
ওটা বোধহয় ক্যাশ মেমরিতে আটকে থাকা
একটা অনন্ত লুপ—
ডিলিট কমান্ড দিলেও
ফিরে ফিরে লোড হয় বারবার…

মন্তব্য করতে ক্লিক করুন