মণীন্দ্র গুপ্ত

কবিতা - কোকিল

মণীন্দ্র গুপ্ত
রবিবার, ০৩ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা

মৃত্যু হল কিনা জানব কি করে?

হাতুড়েরা বলল, নাক মুখ চোখ দিয়ে তখন প্রাণের বাতাস বেরিয়ে যাবে।

ডাক্তার বলল, যখন রাইগার মর্টিস শুরু হবে।

এ যেন এত সোজা— ‌ ‘বাড়িতে আছ নাকি, থাকলে সাড়া দাও।’

সাড়া না দিলে বুঝব, নেই।

গুরুজি বললেন, দ্যাখো, বাহার যদি ঠিক ঠিক হয়

তবে কোকিল ডাকবেই। বলে আলাপ করতে করতে

যেই কোমল নিষাদ থেকে ধৈবতে মিড় লাগিয়েছেন

অমনি দূরে সাড়া দিল কোকিল।

আমি ভাবছি— আমার বেলা, কোকিল যদি দেশে না থাকে?

ছটফটে বসন্তের শেষে কোকিল যদি ঘুমিয়ে পড়ে?

আমার গুরুর মতো গুরু হয় না। উনি মড়া জাগাতে পারেন।

তারপর থেকে বাহারের সঙ্গে ক্রমাগত ডেকে যাচ্ছে

মৃত কোকিল!

পরে পড়বো
৫৪
মন্তব্য করতে ক্লিক করুন