মণীন্দ্র গুপ্ত

কবিতা - গড়িয়ার মোড়ে

মণীন্দ্র গুপ্ত
রবিবার, ০৩ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা

শহরতলি শেষ হয়ে যেখানে গড়িয়াগ্রামের শুরু

সেখানে বহুকালের একটি বেশ্যাপাড়া আছে ।

বেশ্যাদের সঙ্গে গলির একটা প্রাচীন সম্পর্ক,

অতএব সেই পাড়ার দুটো গলির মুখে

দিনরাত কয়েকটা মোড়া পড়ে থাকে,

সেইখানে ঐ মেয়েরা এসে বসে, অপেক্ষা করে।

গড়িয়াগ্রামে কয়েকটা অতি পুরনো ছোট পুকুর আছে।

চারপাশ থেকে গাছপালা ঝুঁকে পড়েছে,

অ্যানোডাইজড ধাতুপাতের মতো ধূসর পাঁশুটে জল-

অদ্ভুত সেই পুকুরগুলো ঘোর তামসিকতায় আচ্ছন্ন ।

ঐ পুকুরগুলির ঘাটে যেমন চ্যাং বা চ্যাপটামুখ গজাল মাছেরা এসে

খাদ্যের খোঁজে মুখ তোলে, মেয়েগুলো ঠিক তেমনি ঐ গলির মুখে

তাদের ঘোলাটে শরীর নিয়ে চারপাঁচজন করে আসে,

তাদের চ্যাং গজালের মতো মুখগুলো তুলে

খাবার খোঁজে।

পরে পড়বো
১১০
মন্তব্য করতে ক্লিক করুন