‘তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে সোনা’
মিথ্যে কথা। মিথ্যে কথা।
অথবা হতেও পারে
অত্যাচারী রাজার একদিন শখ হল
প্রজাদের দুঃখ দেখে আসি।
আমাদেরও মাঝে মধ্যে শখ হয়
নদী কিম্বা সমুদ্র দেখতে
ফাগুন এলে কৃষ্ণচূড়া দেখতে
বনে জঙ্গলে হরিণ দেখতে।
এ রকম দু’চারটে শখ মাঝে মধ্যে কার না থাকে!
দেখে যেয়ো আমাকে
হাওয়া পরিবর্তনের প্রয়োজন আছে
কিছু কিছু উদাসীন যুবকের।
আমি কেন বেঁচে থাকি প্রতিদিন!
মাঝে মধ্যে দেখতে আসবে বলে বেঁচে আছি
মাঝে মধ্যে ভালবাসো বলে বেঁচে আছি
এ রকম বেঁচে থাকে ক’জন মানুষ?
এত সামান্য সুখে?
আমি কি মানুষ?

মন্তব্য করতে ক্লিক করুন