নবীনচন্দ্র সেন

কবিতা - বিষণ্ম কমল

নবীনচন্দ্র সেন
বুধবার, ২২ অক্টোবর ২০২৫ অন্যান্য কবিতা


কল্পনে!
লও তুলি লও করকমলে,
চিত্রকর যাহে কুসুমদলে,
কিম্বা পূর্ণশশী আকাশমণ্ডলে,
কিম্বা কমলিনী সরসীর জলে।

. ২
লও সেই তুলি চিত্রকর আজি,
[ নহে বিকসিত সর-রুহরাজি,
যাহাতে বিহ্বল ভ্রমর বিরাজি,
রাখিয়াছে নীল সরোবর সাজি ]

. ৩
চিত্র সেই ফুল, স্মিত বিকসিত,
সৌরভেতে যা’র দিক আমোদিত,
কিন্তু নাহি তাহে অলি বিরাজিত,
নাহি মুখে হাঁসি—চিত্ত বিষাদিত।

. ৪
চিত্র কর ওই করকমলিনী,
‘হারমোণিয়মে’ নাচি’ছে যেমনি,
নাচে যেইমতে ফুল্ল সরোজিনী,
সমিরণ ভরে সর-সোহাগিণী।

. ৫
চিত্র কর ভূজ-মৃণাল তাহার,—
বিমল কোমল সুবর্ণের হার ;
নিটোল, নিরেট, অথচ আবার
পরশনে হয় শোণিত সঞ্চার।

. ৬
চিত্র কর সেই বন্দন-চন্দ্রমা,
ত্রিভূবনে যা’র নাহিক সুষমা,
অধরে নয়নে বর্ণে অনুপমা
চিত্র কর সেই বিশ্ব মনোরমা।

. ৭
চিত্র কর যদি পার, সহচরি,
অনুপম সেই লাবণ্য মাধুরী,
চিত্র কর সেই দৃষ্টি মুগ্ধকরী,
বিষণ্ণ, গম্ভীর, চিত্ত-দ্রবকরী।

. ৮
কপোল কমলে দিবস যামিনী
নিরাশার কীটে দংশি’ছে, স্বজনি!
বিষণ্ণ বদনে হাসিলে কামিনী,
শোভে মেঘমুক্ত হাসি সৌদামিনী।

. ৯
এখনো সে হাসি নয়নে আমার
রয়েছে লাগিয়া ; কি বলিব আর
হৃদয় সরসে প্রতিবিম্ব তা’র,
ভাসি’ছে উজলি’ চিত্ত অভাগার।

. ১০
পোড়া দেশাচার এমন রতনে,
. অযতনে এত কিসের লাগিয়া ;
কিসের লাগিয়া সোণার যৌবনে
. বিকচ নলিনী মরে শুকাইয়া ?

. ১১
রাজা রাজারার প্রেমের উদ্যানে
. এমন কুসুম দেখা নাহি যায়
পূর্ণিমা নিশীথে শারদ বিমানে,
. এমন চন্দ্রমা শোভা নাহি পায়।

. ১২
নিরখিলে ওই মলিন বদন,
. পাষাণ হৃদয় বিদরিয়া যায়,
নিরখিলে তা’র দীন দু’নয়ন,
. পাষাণেও, আহা, করুণা জন্মায়!

. ১৩
পাষাণ হইতে নিরেট অধম,
. অসভ্য দেশের পাপাত্মা সকল ;
নাহিক হৃদয়, নাহিক মরম,
. কাটিতে বমণী করাল কবল।

. ১৪
এমন দেশেতে, এমন রতন,
. না বুঝি কেমন বিধি বিধিতার,
কা’রে বল দোষি, শোভে কি কখন,
. কাকের গলায় কণকের হার ?

পরে পড়বো
৬৭
মন্তব্য করতে ক্লিক করুন