আমি অলৌকিক, তুমি অলৌকিক
কবি সোহাইল আল হাবিব
তুমি বলো,আমি অলৌকিক কিছু দেখতে চাই!
তোমার এই চাওয়াটাই তো এক অলৌকিক তৃষ্ণা।
ভেবে দেখো!
কে দিয়েছে তোমাকে চাওয়া,বলা,বোঝা ও অনুভবের ক্ষমতা?
তোমার বুকের ভিতর এক টুকরো মাংস,
সে কি নিছকই রক্তচলাচলের যন্ত্র?
না, সে বেজে ওঠে যখন তুমি ভালোবাসো, কাঁদো,
ডুবে যাও ইবাদতে—
সে তখন এক রহস্যময় নূরের বাতি।
তুমি হেঁটে চলো মাটির উপর,
কিন্তু ভেতরে বহন করো নক্ষত্রের কণিকা।
তোমার চোখ জলের আধারে তৈরি,
তবু দেখে ফেলে আকাশের অসীমতা!
আকাশের তারারা তোমার কাছে দূর,
তবু চিন্তা এক লাফে পৌঁছে যায় সেখানে।
কে দিল এই মস্তিষ্কে ছুটে চলার ইশারা?
আর কে দিল সেই হৃদয়ে বোঝার আলো?
এক বোবা কিছু বলতে পারে না,
আর তুমি—অভিনয় করো ভাষার শিল্পে!
তোমার কণ্ঠে যে শব্দ ওঠে—
তা তো নীরব জ্ঞানের আগুন থেকে আগত।
তুমি খুঁজে ফেরো অলৌকিক,
অথচ আয়নার সামনে দাঁড়ালে দেখতে পেতে—
তোমার নিঃশ্বাস, তোমার দৃষ্টি,
তোমার ইচ্ছা—সবই এক অদৃশ্য পরিকল্পনার অলৌকিক ছায়া।
তুমি নিজেই তো এক কোরআনিক আয়াত,
আল্লাহর অস্তিত্বের জীবন্ত প্রমাণ।
তোমার জীবন এক পরম রহস্য,
তুমি নিজেই সেই অলৌকিকের শ্রেষ্ঠ প্রকাশ!
তাই শুধু খুঁজো না বাহিরে,
তোমার ভিতরেই জমে আছে সমস্ত বিস্ময়।
তুমি অলৌকিক, কারণ
তোমাকে সৃষ্টি করেছেন পরম অলৌকিক স্রষ্টা।

মন্তব্য করতে ক্লিক করুন