আমাকে একটু জায়গা দেবে
তোমার ওই বাহুতে?
যেখানে আমি মাথা রেখে একজীবন তৃষ্ণা মেটাবো।
শহরের এই ব্যস্ত ভিড়ে আমি বড্ড একাকী,
যেন এক যাযাবর মেঘের মতো, যার কোনো আকাশেও জায়গা নেই।
সবাই আমার কান্নাটুকু শুষে নিয়ে আমায় রিক্ত করে দেয়,
তুমি কি আমার বিপন্ন অস্থিত্বটুকু নিজের করে নেবে?
তুমি কি হবে আমার সেই নির্জন আকাশ?
দেবে কি আমায় সেই দুর্ভেদ্য আশ্রয়ের অধিকার?
যেখানে নিশ্চিন্তে ঝরে পড়া যায় কোনো দ্বিধা ছাড়াই।
আমি কোনো জাগতিক সম্পদ চাইনি কোনোদিন,
চাইনি হিরে-জহরত কিংবা মিথ্যে মায়ার হাতছানি;
আমি শুধু চেয়েছি তোমার বাহুর সেই উত্তাপ;
যা মুহূর্তেই ভুলিয়ে দেয় জীবনের সব গ্লানি।
যখন বিষণ্ণতার কুয়াশা ঘিরে ধরবে আমায়,
আর আলোরা সব একে একে নিভে যাবে;
তখন কি আমায় একটু শক্ত করে জড়িয়ে ধরবে?
তোমার বুকের ধুকপুকানিতে কি আমার নাম শোনা যাবে?
আমাকে একটু জায়গা দিও,
তোমার ওই হৃদপিণ্ডের ঠিক পাশটিতে।
একজন্ম নয়, সহস্র জন্ম যেন ওখানেই ফুরিয়ে যায়-
তোমার ওই গভীর মমতার প্রশস্তিতে।

মন্তব্য করতে ক্লিক করুন