কবিতা - আয়না (২)

মোঃ আব্দুল মজিদ এনডিসি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

কোন একদিন দৈববাণীর মত শুনেছিলাম- ‘আশায় জগৎ বয়’
এ কথা কি সত্যি? এখন দেখি- আশারাও হত হয়
বড্ড যেনতেনভাবে- ঠিক জীবনের মতন,
হয় আলোতে আঁধারে বৃষ্টির উল্লাসের মতন এক রাজকীয় ধর্ষণ…

ঐ যারা, বড্ড খেয়ালী, ইচ্ছার বুলডোজার চালায়
দিনেরাতে একেবারে সাহেবি কায়দায়,
তারা কী করে পালক হতে পারে
এই সমতটে! পালকের কি তবে কোন ধর্ম থাকে না একেবারে?

এখানে রক্তে বসত করে ঘুণপোকারা; বড্ড কায়েমি বসতি…
কী করে মারবে এই তাবৎ ঘুণপোকা, যারা তেজে বাজখাই অতি!
এতো রক্ত পাবে কোথায়?
কে দেবে এর টেকসই ফয়সালা তোমায়
এই আকালকালে? এই নিয়মিত হনন, নিকৃষ্ট ধর্ষণ, এই বুলডোজার,
এই রক্তের দোষ টেনে নিয়ে কত দূরে যাবে আর!

আশা যাক, ভরসা যাক- সকলে দুর হয়ে থাক এবার!
নোংরা হাতে পায়ে ধরে আর
চাই না দূষিত মুখের কোন কথা,
চাই না টক্সিক মগজের কোন প্রতিশ্রুতি-বারতা…

এবার শুধু চাই- এমনই একটি আয়না তবে,
যার সামনে সমানভাবে উন্মোচিত হবে
পালিতের ন্যায় এই পালকেরা…

তাতে হয়ত বা বেঁচে যাবে আমাদের বিপন্ন আশারা…

পরে পড়বো
২৭
মন্তব্য করতে ক্লিক করুন