মিনহাজুল শহিদী

কবিতা - অদৃশ্য সঙ্গীরা

মিনহাজুল শহিদী
রবিবার, ১৭ মে ২০২৬ প্রকৃতির কবিতা, রূপক কবিতা

হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে পড়লাম,
মনে মনে ভাবছি—হয়তো পৃথিবীর সবচেয়ে প্রিয় নিঃসঙ্গ মানুষটি আমি।
হঠাৎ তীব্র বাতাস আমার গালে চড় বসালো,
পুরো শরীর কেঁপে উঠলো।
কিন্তু অদ্ভুতভাবে কোনো ব্যথা অনুভব করলাম না,
বরং ভেতরে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল।
শাসনের ভঙ্গিতে বাতাস যেন বলে উঠলো—
“তুমি মোটেও নিঃসঙ্গ নও, আমি তোমার সঙ্গে আছি।”
ঠিক তখনই পাশ থেকে কেউ সুরেলা কণ্ঠে বললো,
“আমিও তোমার সঙ্গে আছি।”
ঘুরে তাকাতেই চোখে পড়লো এক গুচ্ছ পরগাছা—
বাতাসের ছোঁয়ায় তারা দুলছে,
ঠোঁটে লেগে আছে নীরবতার গান।
উপর থেকে কেউ যেন নাম ধরে ডাকলো।
আকাশের দিকে তাকাতেই দেখি এক গুচ্ছ মেঘ ভেসে যাচ্ছে।
তারা বললো—
“খুব শীঘ্রই আমরা নেমে আসবো বৃষ্টি হয়ে,
তোমার সব জমে থাকা কথা আমরা শুনবো। অপেক্ষা করো।”
অবশেষে আমার ভেতর থেকে কেউ একজন বলে উঠলো—
“তুমি নিঃসঙ্গ নও… তুমি নিঃসঙ্গ নও… তুমি নিঃসঙ্গ নও।

পরে পড়বো
১৭

মন্তব্য করুন