মারুফ আহমাদ

কবিতা - চালশূন্য ঘরের দ্বারে

মারুফ আহমাদ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ সাম্য-জীবনমুখী কবিতা

​বৃষ্টির চপলাঘাতে ভিজে
আহ্বানের ধ্বনি ভেসে আসছে।
নির্ঘুম রাতের বিনিদ্র তন্দ্রায়
স্বপ্নের মতো মিথ্যা ভাবনায়
সময় চলছিল পত্রহীন বৃক্ষের মত
ঘড়ির কাঁটা বেয়ে নিরিবিলি, আপন গতিতে।
দূর দিগন্তের বাতাস যার দেহ ছুঁয়ে যায়
তবু অন্তরে পৌঁছতে পারে না।
সেই শক্ত কাঠের শক্তিহীন স্থির হৃদয়ের মত।

​এমন সময় তুমি এলে গো রজনী
আঁধারের ফোঁটা প্রকালিতে লেপে
কপালে গ্লানি আর কপোলে অশ্রু নিয়ে
বৃষ্টির স্বাদহীন জলে স্নিগ্ধ হৃদয় নিয়ে।
অবিশ্বাসের চাবুকাহত রিক্ত হৃদয় নিয়ে
শতদ্বার ছেড়ে তুমি এলে গো পথিক
আমার এই ভাঙা-জীর্ণ দ্বারে।

​মুখে কথা নিয়ে নয়, চোখে চাহনি নিয়ে—
অপূর্ণ প্রত্যয় আর অপ্রাপ্তির অশ্রুসিক্ত চাহনি
নিভৃত, নিশাতুর আর নিস্পলক সে চাহনি
বিশ্বাসের কালো অক্ষরে বাঁধা চোখের চাহনি
নিশ্বাসের অঙ্গারে নিক্ষিপ্ত নিভে যাওয়া চাহনি
আলো আছে, জ্যোতি নেই। মুছে গেছে সময়ের ধুলোয়।

​যেই ভরসায় তুমি ভাঙালে গো স্বপ্ন
হে আঁধার রাতের পথিক বন্ধু
আশ্রয়ের আকুতি নিয়ে ধন্য করে গেলে আমায়।
ভেতরে ভিড়তে চাও! লাভ কী তাতে!
একইভাবে ভিজবে,
এইবেলা নিশার প্রান্তে দাঁড়িয়ে যেইভাবে ভিজেছিলে।
ঘর যে আমার চালশূন্য!!

পরে পড়বো
২৮

মন্তব্য করুন