শামীম আজাদ

কবিতা - এই শ্রাবণের পূর্ণিমায়

শামীম আজাদ
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ প্রেমের কবিতা

রৌদ্রপিণ্ড সরে গেছে কখন!
পায়ে পায়ে গলে গেছে আলোর আঙ্গুর।
প্রেমপন্থ বেগবান হয়ে উঠছে
বনের বাটিগুলো উপচে দিয়েছে ঘ্রাণ।

সেই কবে খসে গেছে
সন্তরণশীল হলুদ পা!
মগজে যে বীজগুলো পোঁতা ছিলো
তাতে ফলেছে অনন্ত উড়াল।
পূর্ণিমাও বোকা হয়ে গেছে
আর কোন বুজরুকি চলবে না।

মনে পড়ে একদিন
ঐ বেগুনী কুয়াশার চন্দ্রসিঁড়িতে
ভাসিয়ে দিয়েছিলাম
আমাদের নীল লাশ ?
সে বছর থেকেই দেখছি
তুমি চিন্তার থুতনিতে
ভর দিয়ে আছো।
আর কত একা একা
সয়ে যাবো ধৈর্যের কামড়?

কঠিন কর্তব্যের বাঁকে বাঁকে
সঞ্চিত আগ্রহের আবেশে
তৈরি করেছি প্রতিশ্রুতি,
নিয়তির বোতলে ফোঁটা ফোঁটা করে
সঞ্চয় করেছি উজ্জীবনের আলতা।

সে আলতা পায়ে
অপেক্ষার কুঞ্জে বসে আছি
আংটি পরাবো, এসো।

পরে পড়বো
২৮০
মন্তব্য করতে ক্লিক করুন