জীবন অনন্তের বুকে ইচ্ছার পথ চলা,
নিরন্তর নব উচ্ছ্বাসের ধারায়।
আশার দোলায়, তৃপ্তির প্রতীক্ষায়,
অপূর্ণতার দীর্ঘশ্বাস নিয়ে—
বার বার আসা আর ফিরে যাওয়া,
নব নব জন্মের নতুন যাত্রায়।

যা পাই হেথা অতি ক্ষণিকের,
যা হারাই, তাও যেন দূর দিগন্তের;
পূর্ণতার ঈপ্সা জাগে হৃদয়ের অন্তরে,
অপূর্ণতার নৈরাশ্যে মন ভেঙে পড়ে।

অদম্য ইচ্ছা হৃদয়ে সাহস জাগায়,
স্বর্গ মর্ত্য মথিয়া সব খুঁজিতে চায়;
সুখের তরে, প্রেমের আশে,
অনন্ত সুখ যদি আসে শেষে,
নিজেরই ছায়াকে খুঁজি অন্ধ মায়ায়।

নদী ছুটে চলে সাগরের পানে,
প্রাণ ধেয়ে চলে অদৃশ্য আহ্বানে—
যেন হারানো এক পূর্ণতার স্মৃতি,
ডেকে যায় অন্তহীন অনন্তের পানে।

অন্তরের প্রতিটি কোণে অতৃপ্তির ভার,
হৃদয়ে জাগে এক তৃষ্ণা অপার;
সময়ের স্রোতে বালুকার মতো সরে,
যা কিছু চাই রাখতে মুঠি চেপে ধরে।

যে পরম বিন্দু হতে এসেছি ইচ্ছার স্রোতে,
দুর্নিবার আকর্ষণে, নীরব অন্তঃসলিলা বহে অন্তর হতে;
যেথা ইচ্ছার সকল তরঙ্গ স্তব্ধ হয়ে যায়,
যেথা আকাঙ্ক্ষার প্রদীপ নিজেই নিভে যায়,
যেথা নাই কোনো অবশেষ আর চাওয়ায়।

থেমে যাবো একদিন—
ইচ্ছার চির অবসানে,
পূর্ণতায় চির তৃপ্তিতে,
পরমের সাথে মিলনে;
যেথা জীবন-মৃত্যু পৃথক বিন্দু নয়,
যেথা আমি আর তুমি ভিন্ন নয়,
যেথা সকল চাওয়া বিলীন হয়ে যায়—
অনন্তের সাথে এক সত্তায়।