আমাদের পৃথিবী কত সুন্দর—
মসৃণ পথ-ঘাটে আছে অচেনা স্বস্তি,
সবুজ ঘাসের অবারিত প্রান্তর,
আবছা নীল আকাশের ভালোবাসার ডাক
হৃদয়কে করে তোলে উতলা।

কিন্তু নীলাঞ্জনা,
জীবনে তবুতো সুখ এলো না!

ফুল আছে—
তবু গাছের ডালে কাঁটার প্রহরা,
নির্মল বাতাস আছে—
তবু নেই অবসর,
নিশ্চিন্তে শ্বাস নেওয়ার সময় কৈ।
চারপাশে রূপের মেলা,
তার মাঝেও কোন অজানা ব্যাকুলতা;
মানুষের তীক্ষ্ণ চোখেও ক্লান্তি দেখি,
এত পথ এগিয়ে এসেও
হৃদয়ের ভেতরটা লাগে হালকা, বিশ্বাসহীন!
আমরা কি সত্যিই এগিয়ে চলেছি,
নাকি শুধু ছুটে চলেছি—
চিরন্তন দিশাহীন?