ইথারচিঠি
অভিজিৎ হালদার
তোমার দিকে তাকালেই মনে হয়
আমার ভেতর কোনো অদৃশ্য ঈথারচিঠি খুলে যায়,
যেখানে শব্দেরা জন্ম নেয়
দহনপাখির নরম ডানার শব্দে।
তোমার হাঁটার ভেতর
একটি সমুদ্র-সময় ঘূর্ণায়মান থাকে,
যার প্রতিটি তরঙ্গ
আমার শরীরে রেখে যায় নীল অগ্নিচিহ্ন।
আমার নিঃশ্বাসে আজকাল
এক ধরনের অন্ধকার-আলো জমে থাকে,
যা শুধু তোমাকে ছুঁলেই
তার নিজস্ব ভাষা খুঁজে পায়।
তুমি কি জানো,
তোমার নাম উচ্চারণ করলে
একটা অন্তর্জ্বর নেমে আসে আমার শিরায়—
যেন পৃথিবী আমাকে নতুন করে জন্ম দেয়
তোমার নিঃশব্দ উপস্থিতির ভিতর।

মন্তব্য করতে ক্লিক করুন