বৃষ্টি, বাতাস, নির্মল আকাশ
মনে আর দেয় না দোলা!
সুখে ভেসে আনন্দ-উল্লাসে
মন আর হয় না উতলা!
বৃষ্টির টাপুর, পায়ের নূপুর
মনে আর কাটে না দাগ!
রূপালি স্রোত, সোনালি রোদ,
কোন কিছুতেই হয় না উন্মাদ।
অতি আপন হৃদয়ের স্বজন
বোঝে না আপন-পর;
কারো ব্যথা, বিবাদ-বিসংবাদে
হৃদয়ে বাজে না স্বর।
ফুল-পাখি প্রাণের সখি
মনের বীণায় সাধে না সুর।
হাসি-ঠমকে, রূপের চমকে
মন-সাগরে উঠে না ঝড়!
দিন কি রাতে, সকাল-সাঁঝে
স্মৃতির খেয়ায় ভাসে না মন।
রঙের ধারায়, রাতের তারায়
কিছুতেই হয় না উচাটন।
বিবাগী, বেবশ, হৃদয় অবস
অনুভূতির নেইকো সাড়া!
ধূসর কালো মেঘে ঢাকা,
বিস্বাদ ঠেকে এই ধরা!
দেহের মরণ হবার আগে
কত কষ্টে মরে হৃদয়;
হৃদয় মরে গেল তবে
মানুষকে বাঁচা কয়?
প্রাণবন্ত রঙের মানুষপ্রাণ
বিলিয়েছে স্বপ্ন-ছোঁয়ায়!
সেই স্বপ্নবাজ নির্বাক আজ
কোন পাষাণীর অবহেলায়!
শাওনাজ, ভিলা,
উত্তরখান, ঢাকা।
০৬ মে ২০২০

মন্তব্য করতে ক্লিক করুন