আমানত উল্লাহ মানিক

কবিতা - অপেক্ষা

আমানত উল্লাহ মানিক
শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ প্রেমের কবিতা, বিরহের কবিতা

অপেক্ষা
আমানত উল্লাহ মানিক
আমি বলছি না
আমাকে আকাশ ছুঁতে দিতে হবে,
আমি চাই কেউ একজন
আমার ফেরার পথ চেয়ে থাকুক।
এই শহরের হাজারো নিয়ন আলোর ভিড়ে
আজ আমি ক্লান্ত, ভিষণ ক্লান্ত,
আমি চাই ঘরের এক কোণে
একটা প্রদীপ জ্বলুক আমার জন্য।
আমি বলছি না
খুব দামী উপহার দিতে হবে আমাকে,
আমি শুধু চাই আমাকে দেখে
কেউ একটু ম্লান হাসুক।
রান্নাঘরের টুংটাং শব্দে
মিশে থাকুক কোনো এক পরিচিত সূর,
আমি ঘরে ফিরলে কেউ একজন
অন্তত একগ্লাস জ্বল নিয়ে সামনে দাড়াক।
আমি বলছি না
আমাকে আগলে রাখতে হবে সারাক্ষণ,
আমি চাই কেউ আমার
নীরবতাটুকু পড়তে শিখুক।
দিন শেষে যখন
একা বসে ধোঁয়া ওড়াই বারান্দায়,
কেউ একজন এসে শুধু বলুক-
অনেকতো হলো,এবার ভেতরে চলো।
আমি চাই না
কেউ নিক আমার সমস্ত দায় ভার,
আমার কাপড় আমি ধুয়ে
রোদে দিতে পারি নিজেই।
আমি শুধু চাই একজন
আলতো করে জিজ্ঞেস করুক ;
তোমার কপাল এমন পুড়ছে কেন?
শরীর কি খুব খারাপ?
ভালোবাসা না হোক,
অন্তত কেউ একজন একটু মায়ায়
এই কপালে হাতটা রাখুক।

পরে পড়বো
৭৪
মন্তব্য করতে ক্লিক করুন