অংশুমান কর

কবিতা - কাজের লোক

অংশুমান কর
সোমবার, ০৪ আগস্ট ২০২৫ অন্যান্য কবিতা

কোন চারাগাছটার কতটুকু জল দরকার
আপনি না জানলেও ও জানত
গাছকোমরে শাড়ি পরা মেয়ে
ভালো করে সূর্য ওঠার আগেই যার উঠোন ঝাঁটানোর শব্দে
জেগে উঠত পাড়া
তিন-চারটে ভুলি কুকুর ঘুরে বেড়াত পায়ে পায়ে
পাওনা দুটো বিস্কুটের একটা
সমান করে ওদের মধ্যে বেঁটে দিত ও।
ওরই কোলে পিঠে চড়ে কখন যেন বড়ো হয়ে গেল শচীশ
আপনি খেয়ালই করেননি।
খেয়াল যখন করলেন তখন
শচীশের ফ্ল্যাটে ভ্যাকুয়াম ক্লিনার হাতে ঘুরে বেড়ায় অন্যজন
শচীশের ছেলে তাকে ডাকে ‘পি পি’
জানে সে আসলে তাদের ‘মেড’ যে
একদিন না এলেই মা তুলকালাম করে।
মাঝে মাঝে যখন সেও চালিয়ে দেয় এফ এম
আপনার মনে পড়ে
কতদিন আপনার শোনা হয়নি অনুরোধের আসর
হালকা লেবু তেলের গন্ধ কতদিন ভেসে বেড়ায়নি ঘরে
কতদিন উঠোন ঝাঁটানোর শব্দে আর
ঘুম ভাঙে না আপনাদের।

পরে পড়বো
১৩৪
মন্তব্য করতে ক্লিক করুন