অরণি বসু

কবিতা - হে বন্ধু হে প্রিয়

অরণি বসু
সোমবার, ১১ আগস্ট ২০২৫ প্রেমের কবিতা

সহসা অন্ধকার নেমে এল, অন্ধকার নয় ঠিক,
ধুলিঝড় মত্ত আবেগে নেড়ে দিচ্ছে গাছের ঝুঁটি —
কোথাও কোথাও শাঁখের অভয় বেজে ওঠে।
সুদীর্ঘ প্রবাসে থেকে থেকে আনচান করে ওঠে মন,
বিদ্যুৎ-চমকে পুরনো বন্ধুর মুখ জেগে ওঠে।
তোমার বিধুর গমনপথের কথা ভাবি,
সেদিনও চাঁদ ওঠেনি।

বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা, গাছেরা শান্ত এখন।
ফ্ল্যাট-বাড়ির কলিংবেল বেজে ওঠে, একবার — দুবার
লিফট উঠে যায়, লিফট নেমে যায় —
হারানো গল্পের আড়াল থেকে কেউ কি এল?
অসহায় মন অপেক্ষা করে পুনর্বাসনের,
হে বন্ধু, হে প্রিয়, যতদিন যায়
অপ্রত্যক্ষ টান ক্রমশ প্রত্যক্ষ হয়ে ওঠে অন্তরে গভীরে।

পরে পড়বো
১০৩
মন্তব্য করতে ক্লিক করুন