আজিজুল হক

কবিতা - আস্তিন

আজিজুল হক

আমি শুধু বারবার হেরেছি—
কারণ আমি কোনো দলে ছিলাম না,
কোনো ধর্মের ঠিকাদারিও নিইনি।
আমার বুকের উপর দিয়েই হেঁটেছে
ভোটের পোস্টার,
আর ঈশ্বরের নামে ধার করা ছুরি।

নয়াবস্তির ডিমা নদীতে
একদিন সব অপবাদ ভাসিয়ে দিয়েছিলাম—
“দেশদ্রোহী”, “কাফের”, “দেশপ্রেমিক”, “সংখ্যালঘু”
এইসব নোংরা ট্যাগ,
যেগুলো মানুষ নয়,
শুধু রাজনীতির সুবিধা চিনে।
কিন্তু অপবাদরা জানে
কীভাবে ভেসে ফিরে আসতে হয়।
ওরা পতাকার রঙ পাল্টায়,
ধর্ম বদলায় না—
কারণ ঘৃণা সব ভাষাতেই সাবলীল।

আমি দেখেছি—
মৃত শিশুর শরীরের উপর দাঁড়িয়ে
নেতারা মাইক ধরেছে,
আর ভিড় হাততালি দিয়েছে—
কারণ লাশ এখানে আর লাশ নয়,
লাশ মানে পরের নির্বাচনের অঙ্ক।
আমার আকুতি নিয়ে আমি দাঁড়ালে
ওরা তাচ্ছিল্য চোখে তাকায়—
বলেছে, “এই সময় মানবতা অপ্রাসঙ্গিক।”

এ দেশে আগে দল,
তারপর ধর্ম,
তারপর মানুষ—
যদি তখনও কিছু অবশিষ্ট থাকে।
তবু জানো—
আমি হেরেছি বলেই
এখনো মানুষ।
যারা জেতে,
তারা কেবল ক্ষমতা পায়—
আর যারা হারে,
তারা সাক্ষী হয়ে থাকে
মনুষত্বের পতনের!

পরে পড়বো
৩৪
মন্তব্য করতে ক্লিক করুন