আজিজুল হক

কবিতা - খোলস

আজিজুল হক
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ দেশাত্মবোধক কবিতা, বিদ্রোহী-দ্রোহের কবিতা

মানুষগুলো আজ গিরগিটি নয়—
ওরা প্রশিক্ষিত অভিনেতা,
মঞ্চ বদলালেই সংলাপ বদলায়,
বিবেকটা থাকে গ্রীনরুমে।

মজুদাররা সাপের মতো খোলস ছাড়ে না,
ওরা খোলস জমা করে—
সময় এলে যেটা দরকার
সেটাই পরে নেয়।

বিষ?
তা তো রাষ্ট্রীয় অনুমোদিত।
এক কাপ চায়ে প্রেমিকার উরু ছুঁয়ে
যারা বিপ্লবের কথা বলে,
তাদের ঠোঁটের কোণে লেগে থাকে
চিনি নয়—
ক্ষমতার মধু।

এই শহরে প্রেমও
এক্সপায়ারি ডেটসহ বিক্রি হয়।
গল্প-গান এখন শোরুমে সাজানো,
“প্রতিবাদ—লিমিটেড এডিশন”

ভয়েস একটু নামিয়ে বলুন,
দেয়াল শুনে ফেলতে পারে!
কবি আজ ক্যাশ কাউন্টারে বসে,
আর বুদ্ধিজীবী—
ম্যানেজমেন্ট।

যারা একদিন বলত
“চুপ থাকা অপরাধ”,
আজ তারা চুপ থাকাকে বলে
“পরিপক্বতা”।

উন্নাসিক মুখে হাসি,
চোখে হিসেব—
কোথায় গেলে সম্মান,
কোথায় গেলে সম্মানী।

তাদের কলমে আর কালি নেই,
আছে চুক্তির স্বাক্ষর।
শব্দগুলো ভদ্র,
কিন্তু মৃত।
কারণ আগুন লিখলে
ডাক আসত না সেমিনারে।

রক্তে ভেজা রাস্তায় দাঁড়িয়ে
তারা তত্ত্ব ব্যাখ্যা করে—
“দুই দিকই সমান দোষী।”
এই সমতা দিয়েই
প্রতিবার খুনটা বৈধ হয়।

ওরা বলে, “সময় কঠিন”—
কিন্তু সময় নয়,
ওরা নিজেরাই নরম।
মেরুদণ্ডের জায়গায়
ফোল্ডিং চেয়ার।
…………. …….

পরে পড়বো
৩৪
মন্তব্য করতে ক্লিক করুন