ইদানিং সবকিছু আমার গন্ডগোল হয়ে যাচ্ছে,
গন্ডগোল হয়ে যাচ্ছে সবকিছু— সব।
আমার সকাল, ব্রেকফাস্ট, অফিসের চাবি, মানিব্যাগ;
সমস্ত কিছুই গন্ডগোল হয়ে যাচ্ছে।
আমার সমস্ত দুপুর গন্ডগোল হয়ে যাচ্ছে,
গন্ডগোল হয়ে যাচ্ছে খাবারের প্লেট, দুপুরের আহার,
জমিয়ে রাখা অফিসের একগাদা ফাইল।
গন্ডগোল হয়ে যাচ্ছে স্যালারি শিট,
গন্ডগোলে ক্র্যাশ করছে কর্পোরেট সমস্ত সিস্টেম।
গন্ডগোল হয়ে যাচ্ছে আমার সমস্ত বিকেল—
কফির পেয়ালা, নোনতা বিস্কুট, সিঙ্গারা, সমোসা;
কার দেওয়া একটি গোলাপ ফুলেও গন্ডগোল লাগিয়ে ফেলেছি।
আমার সমস্ত রাত্রি গন্ডগোল হয়ে যাচ্ছে;
ডিনার করতে গিয়ে হাতে তুলে নিয়েছি কবিতার বই,
কবিতা পড়তে পড়তে আবিষ্কার করলাম— উপন্যাসের ভেতর পড়ে আছি।
ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল তুলতে গিয়ে
হাতে ধরে নিয়েছি ব্ল্যাক কফি।
বিছানায় ঘুমাতে গিয়ে ঘুমিয়ে পড়েছি পড়ার টেবিলে,
খোলা উপন্যাসের পৃষ্ঠার ভেতর মুখ গুঁজে।
আমার গন্ডগোল হচ্ছে সমস্ত কিছু—
রাত-দিন, পশ্চিম-উত্তর-দক্ষিণ, ঈশান-বায়ুকোণ,
চাঁদ, সূর্য, নক্ষত্র সকল।
গন্ডগোল হয়ে যাচ্ছে মহাবিশ্বের সমস্ত গ্রহ-নক্ষত্র।
গন্ডগোল লেগে গেছে ব্ল্যাকহোলের ভেতরেও;
তবুও সমস্ত কিছুই আমি দেখতে পাচ্ছি,
সমস্ত কিছুই আমার দৃষ্টিগোচর।
আমার সমস্ত কিছুই গন্ডগোল হয়ে যাচ্ছে,
সমস্ত কিছুই।

মন্তব্য করতে ক্লিক করুন