কবিতা — প্রথম প্রেমের ছেদ

শনিবার, ০৪ জুলাই ২০২৬ প্রেমের কবিতা, বিরহের কবিতা

ছিলাম তোমার এক রাশি আর হারাই হারাই আমি
প্রেম কাহনের কথা মানি ঢের দেখছি তবুও যামী।
কখনো কি ফের প্রেমিকার ঘের বুঝতে পেরেছি হোথা,
তোমার জীবন আমার মনন মিলিয়ে গিয়েছে কোথা।
কেউ না জানুক কেন কাঁপে বুক আমার যে দুরুদুরু,
প্রত্যেক দিন মনে বাজে বীণ যেন ছিলো প্রেম শুরু।
বসন্ত আজ মাখে কারুকাজ প্রকৃতির খেলা ছলে,
জীবনের সব সুখ গুলো রব করেছে তোমার তলে।
ফুলের সুবাস তোমা’ দেহে বাস করিত ভীষণ খেলা,
তাই যেন মন চাইতো সে ক্ষণ তোমার আসার বেলা।
তুমি ছিলে পাশে মন ভালোবাসে পার্কের সিটে বসে,
ছোঁয়া দিয়ে গেলে সুখ বুঝি মেলে দেখেছি অঙ্ক কষে।।

মনে পড়ে যায় তোমার সে সায় প্রথম প্রকাশ পেলো
করে গেছে রণ প্রেমিকের মন কেবলি যে এলোমেলো।
প্রস্তাবনার ছিলো খুবি ধাঁর দিয়েছে মাখিয়া মন,
তোমার চোখের ভাষা ছিলো ঢের নহে সেই অকারণ।
বুঝিয়াছি আমি চক্ষুতে নামি তোমারে আঁকিতে চেয়ে,
সুন্দর তুমি চেয়ে ছিলে চুমি ভালোবাসা ছিলো ধেয়ে।
প্রেমিকের মন কাঁপে প্রতিক্ষণ প্রথমের প্রেম এলে,
তাই যেন সুখ জাগিয়েছে ভুখ পারেনা তুলিতে মেলে।
প্রথম প্রেমের স্মৃতি আসে ঢের টিকে তাই বহুকাল,
তোমারে চেয়েছি ক্ষণিকে পেয়েছি হারাইনি নিজ তাল।
শুধু গেছি বলে লাজের সে ছলে তোমাকেই চাই চাই,
আর মনে কথা ছিলো ব্যাকুলতা বলতে পারি যে নাই।।

তারপর আসে তোমার আমার মন কষাকষি হালে
তুমি নেচে গাও আমাকেই পাও বুঝিনি মনের তালে।
তোমার সে ছবি এঁকে গেছি কবি মনের গভীর তানে,
হারাতে চাইনি তোমাকে পাইনি ফিরিয়া প্রকাশে বানে।
লুকিয়ে প্রেমের কাহিনী যে ঢের এসেছে আমার দেহে,
ছোঁয়া পেয়ে নিতে করেছি গো মিতে তোমায় পরম নেহে।
মানুষের কাম মাঝে নেই নাম সীমানা পেয়েছে কিবা,
তোমায় জপিয়া হৃদয় সপিয়া নত ছিলো নিজ গ্রীবা।
ভালোবাসা ছিলো মন মেখে দিলো ফাল্গুন আসা তিথি,
প্রেমিকের মনে নহে অকারণে কামের উপস্থিতি।
তোমার চলনে তোমার বলনে ঢলিয়া নামিতো প্রেম,
তাই ভেবে যাই তুমি হবে তাই আমার হৃদয় হেম।।

অথচ বিধাতা দিলেন না ছাতা মাখিলেন তিনি ছেদ
ভালোবাসা আজ মলিনের কাজ করিয়াছি আমি ভেদ।
তোমার আমার মাঝে আছে আর সূক্ষ্ম দেয়াল তোলা,
ভাঙিতে চেয়েছি বৃথা চেয়ে গেছি সকল অতীত ভোলা।
আমি ভুলি নাই তুমি ভুলে তাই গিয়েছ বিশাল দূরে,
এ নহে মরণ করেছি স্মরণ হৃদয়ের ভুখ সুরে।
সেথায় রয়েছো তুমি নিজে গেছো প্রাণের আবেশ ভুলে,
ভোলে নাই অলি মধু নিতে বলি ভুলে যায় তবু ফুলে।
প্রাণের আবেশ অনিমিখে শেষ তুমি ছেড়ে গেলে তাই,
ভালোবাসা বুঝি নিভে গেছে যুঝি তবু দেই কেন ঠাঁই।
অনিচ্ছা মেখে চলে আসি চেখে পৃথিবীর ধুলোবালি,
হারাই হারাই আমি নাহি যাই তুমি চলে গেলে খালি।।

অবশেষে বুঝি ভালোবাসা খুঁজি আমার ছিল যে ভুল
আমি নই আর সে প্রেম তোমার হয়েছি চক্ষুশূল।
তুমি বেছে নিলে জীবনের মিলে নতুন অলির ভোজ,
তবু কেন আমি ভুল ভাঙা স্রোতে করেছি তোমার খোঁজ।
অবুঝের প্রেম বোঝে নাই বুঝ প্রেমের জলাঞ্জলি,
এই পৃথিবীতে খুঁজে চলে মিতে বিপরীতে প্রেম বলি।
মানুষেরা জানে প্রেম ছাড়া মানে পাষাণ খিন্ন খেলা,
নারী বা পুরুষ মাখে সেই হুঁশ মাখেনা প্রেমের বেলা।
প্রেমিকের মন তাই অকারণ প্রেমিকার লাগি কাঁদে,
আজকের প্রেম মাঝে নেই হেম ত্রিদিব ডোবে বিষাদে।
তবু বুঝি ধাতা দিয়েছেন চাতা আকাশের মতো প্রেম,
কুসুমের ছোঁয়া যায় বুঝি খোয়া যদি নাই থাকে হেম।।

বিচ্ছেদ বাণী মেনে আমি টানি আমাদের প্রেম ইতি
দু’জনের পথ দু’টি চলা রথ মেখেছি আমার ক্ষিতি।
হারিয়ে তোমারে বিশ্বাস ধাঁরে ভাঙন ধরেছে আজ,
এত ভালোবাসা এত মন আশা ভাঙে নিজ কারুকাজ।
ফিরে হই কবি তোমারেই লভি কবিতার করে পুঁজি,
হারিয়েছি বলে অচেতন ছলে তোমাকে পৃথ্বীতে খুঁজি।
তবু তো মানুষ আছে যার হুঁশ লাগে তার ভালোবাসা,
তাই গ্রাহ করি ভুলে গিয়ে লড়ি টিকাতে মনের আশা।
তুমি সরালির মতো এসে ভিড় করো মন সরোবরে,
তাই চলে গেলে আমাকেই ফেলে অতিথির নিজ স্বরে।
বিদায়ের বেলা ছিলনা কো খেলা কাঁদিয়া চলিলে বেগে,
নতুন জগত আঁকিতেছে পথ সব ঝেড়ে যাবো ত্যাগে।।

৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা