কবিতা - জানালা

জামিলুর রহমান সানি
সোমবার, ১৬ মার্চ ২০২৬ প্রকৃতির কবিতা

আমার একটা জানালা আছে
দক্ষিণমুখী জানালা,
জানালার সামনে লেবু আর আলকানন্দা
সাথে আছে অপরাজিতা ও গোলাপ

ঠিক যখন বসন্ত কাল,
জানালা খুলে দিলে
দক্ষিণা হাওয়া এসে
নরম করে ছুঁয়ে যায় মুখ।
লেবুগাছ তখন ফুলে ভরে ওঠে,
মৌমাছিরা ব্যস্ত হয়ে ঘোরে মধুর সন্ধানে।

যখন অলকানন্দা ফুটে
গাছটা যেন হঠাৎ
হলুদ আলোয় ভরে যায়।
বর্ষার দুপুরে
সেই অলকানন্দার দিকে তাকিয়ে
আমার দিব্যি বেলা কেটে যায়।

জানালার বাঁ পাশে, একটু উপরে
কয়েকটা চড়ুই পাখির বাসা
শরতের গোধূলি বেলায়
ব্যস্ত সময় পার করে তারা।

শীতের সকালে
যখন সূর্য কুয়াশা ভেদ করে ধীরে উঁকি দেয়,
জানালার ফাঁক দিয়ে তার মৃদু আলো এসে
নরম উষ্ণতায় জড়িয়ে ধরে আমাকে।

হেমন্তের রাতে
জানালার পাশে চাঁদটা ভেসে ওঠে
বৃত্তাকার রুটির মতো উজ্জ্বল।
নক্ষত্রগুলো ঝিলমিল করে
মহাজাগতিক নিস্তব্ধতায়
বিশ্ব হঠাৎ থেমে যায়।

পরে পড়বো
১০
মন্তব্য করতে ক্লিক করুন