কবিতা — আমার সোনার হিন্দুস্থান

রবিবার, ১৫ জুন ২০২৫ গান, দেশাত্মবোধক কবিতা

আমার সোনার হিন্দুস্থান।
দেশ-দেশ-নন্দিতা তুমি বিশ্বের প্রাণ।।

ধরণির জ্যেষ্ঠা কন্যা তুমি আদি মাতা,
তব পুত্র গাহিল বেদ-বেদান্ত সাম-গাথা,
তব কোলে বারেবারে এল ভগবান।।

আদিম যুগের তুমি প্রথমা ধাত্রী,
তোমার আলোকে হলো প্রভাত রাত্রি,
সবে বিলাইলে অমৃত সংগীত জ্ঞান।।

সোনার শস্যে তব ঝলমল বর্ণ
অন্তরে মাণিক্য-মণি-হিরা-স্বর্ণ,
তুমি বর্বরে করিয়াছ মানব মহান।।

হিংসা-দ্বেষ-ভোগ-ক্লান্ত এ বিশ্ব
আবার শিখিবে ত্যাগ, হবে তব শিষ্য,
তুমি বাঁচাবে সবারে করি অমৃত দান।।

১৫৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা