পৃথিবী সুস্থ হলে আমরা আবার বেরিয়ে পড়বো। আমরা হেঁটে যাব পৃথিবীর সব পথে। মহাসড়কে দাঁড়িয়ে চুমু খাবো একে অন্যকে। জড়িয়ে ধরে জানাবো দূরত্ব একটা ধারণামাত্র।
পৃথিবী সুস্থ হলে আমরা চলে যাব মসজিদে, মন্দিরে, চার্চে। খুঁজে ফিরব আমাকে। দেয়ালের আস্তরে লিখে রেখে যাব 'গড, টেক কেয়ার'।
মূলত চিন আর রাশিয়া, কিংবা তুমি আর আমি। যেভাবে ভোর সকালে খবরের কাগজ নিয়ে নির্লিপ্তের মত যুদ্ধ করি। তা যদি মোড়ের চা ওয়ালা জানত। তাহলে পরদিন টেলিভিশনে দেখা যেত একটা ইদুরের মৃত্যু।

পৃথিবী সুস্থ হোক। আমরা আবার একে খাঁন, জিইসির জ্যাম দেখতে দেখতে চলে যাব নিউমার্কেট রেলওয়ে চোরাই মার্কেটে। গিয়ে জিজ্ঞেস করবো চোরাই কোন মোবাইলের কথা। আমরা জেনে নিব সক্রেটিসের 'নিজেকে জানো, নবী মুহাম্মদের (সঃ) এর ভাতৃত্ব।

আমাদের আরেকবার সুযোগ দেয়া হোক, পৃথিবী সুস্থ হোক। মসজিদ, মন্দির কিংবা চার্চ নিজের খেয়াল রেখো। গাছ থেকে নারিকেলের মত পড়ে যেও না। নিচে আমাদেরই মাথা, খুব নত।

(নোটঃ কোভিট-১৯ এর সময়কাল লেখা)