কবি সোহাইল আল হাবিব

কবিতা - আমি অলৌকিক তুমি অলৌকিক

কবি সোহাইল আল হাবিব
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ আধ্যাত্মিক কবিতা

‎আমি অলৌকিক, তুমি অলৌকিক

‎কবি সোহাইল আল হাবিব

‎তুমি বলো,আমি অলৌকিক কিছু দেখতে চাই!
‎তোমার এই চাওয়াটাই তো এক অলৌকিক তৃষ্ণা। 
‎ভেবে দেখো!
‎কে দিয়েছে তোমাকে চাওয়া,বলা,বোঝা ও অনুভবের ক্ষমতা?

‎তোমার বুকের ভিতর এক টুকরো মাংস, 
‎সে কি নিছকই রক্তচলাচলের যন্ত্র? 
‎না, সে বেজে ওঠে যখন তুমি ভালোবাসো, কাঁদো,
ডুবে যাও ইবাদতে— 
‎সে তখন এক রহস্যময় নূরের বাতি।

‎তুমি হেঁটে চলো মাটির উপর, 
‎কিন্তু ভেতরে বহন করো নক্ষত্রের কণিকা। 
‎তোমার চোখ জলের আধারে তৈরি, 
‎তবু দেখে ফেলে আকাশের অসীমতা! 

‎আকাশের তারারা তোমার কাছে দূর, 
‎তবু চিন্তা এক লাফে পৌঁছে যায় সেখানে। 
‎কে দিল এই মস্তিষ্কে ছুটে চলার ইশারা? 
‎আর কে দিল সেই হৃদয়ে বোঝার আলো?

‎এক বোবা কিছু বলতে পারে না, 
‎আর তুমি—অভিনয় করো ভাষার শিল্পে! 
‎তোমার কণ্ঠে যে শব্দ ওঠে— 
‎তা তো নীরব জ্ঞানের আগুন থেকে আগত।

‎তুমি খুঁজে ফেরো অলৌকিক, 
‎অথচ আয়নার সামনে দাঁড়ালে দেখতে পেতে— 
‎তোমার নিঃশ্বাস, তোমার দৃষ্টি, 
‎তোমার ইচ্ছা—সবই এক অদৃশ্য পরিকল্পনার অলৌকিক ছায়া।

‎তুমি নিজেই তো এক কোরআনিক আয়াত, 
‎আল্লাহর অস্তিত্বের জীবন্ত প্রমাণ। 
‎তোমার জীবন এক পরম রহস্য, 
‎তুমি নিজেই সেই অলৌকিকের শ্রেষ্ঠ প্রকাশ! 

‎তাই শুধু খুঁজো না বাহিরে, 
‎তোমার ভিতরেই জমে আছে সমস্ত বিস্ময়। 
‎তুমি অলৌকিক, কারণ 
‎তোমাকে সৃষ্টি করেছেন পরম অলৌকিক স্রষ্টা।

পরে পড়বো
১৩৯
মন্তব্য করতে ক্লিক করুন