কবিতা - কথার অকারণ অস্ত্র

মোঃ আব্দুল মজিদ এনডিসি
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ বিবিধ কবিতা, রূপক কবিতা

আমিতো যুদ্ধ করতে আসিনি,
তবে কেন কবিতাকে অহেতুক অস্ত্র বানাবো?
তাও আবার কিম্ভূত আকারে এক বিদঘুটে ভারে!

আমার কোন চাওয়া নেই আর এই নিরস সংসারে;
আমি এখন নির্ভার এক বাতাস…

শুধু আমার মন কিছু বলতে চায়, তাই সে বলে যায়…

তার ছেড়াছেড়া কথাগুলো শরতের মেঘের মত চলে
জমিনের সবুজ গালিচার নৃত্যের তালেতালে-
মাথার পরে তাবৎ বন্ধু-আকাশ…

কবিতার অস্ত্র নিয়ে কি কোন গোলাপ কখনও খেলে?
কোন আকাশ বাতাস নিঃশ্বাস ফেলে
তার বারুদগন্ধী বুকে!

এক বাহারি কবিতার অস্ত্র জোকারের বেশে!
-আছে পিনবন্দী খোলসে…

কার আছে এত দায়- নিয়ে অফুরন্ত শক্তি-সময়
দেখবে খুলেখুলে কোন যাদু ঘুমায়
সেখানে এক বিধ্বংসী সুখে…

পরে পড়বো
১০৮
মন্তব্য করতে ক্লিক করুন