মল্লিকা সেনগুপ্ত

কবিতা - পরমা

মল্লিকা সেনগুপ্ত
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ অন্যান্য কবিতা

সারাজীবন একটি কথা বলতে চেয়েছিলাম
বলা হয়নি, ভয় পেয়েছি, যদি বা বদনাম

নিজেই বলব, সেটা কেমন খেলো লাগবে ভেবে
অপেক্ষায় ছিলাম কবে তুমিই ডেকে নেবে

রতির ডাকে শীত বিছানা ঝড় তুলবে বলে
রাতের পর রাত জেগেছি উষ্ণ কম্বলে

তবু তোমার ঘুম ভাঙেনি ঘুমকাতুরে বোকা
বোঝোনি আমি এখনও কেন তোমার দিকে ঝোঁকা!

শরীর যদি ঘুমিয়ে থাকে শরীর যদি জাগে
ইচ্ছেপাখি এলোপাথার ফুঁসতে থাকে রাগে

অন্য লোক ডাক পাঠায়, ফিরিয়ে দিই তাকে
তুমি তো আজও তেমন করে ডাকোনি পরমাকে।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন