কবিতা — পুরুষ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ অন্যান্য কবিতা

পুরুষ কী ভালো আহা সে যখন আমার প্রেমিক
কী পাগল ঝড় হয়ে মাতায় আমার দিগ্বিদিক
তাকে ছুঁলে পুণ্য হয়, তারও মন নেই কোনও পাপে
সে শুধুই মরতে চায় আমার পায়ের গাঢ় চাপে

পুরুষ কী ভালো আহা যখন সে কষ্ট পেয়ে কাঁদে
সে যখন পরিণত হয় এক পবিত্র উন্মাদে
সে উন্মাদনাই আমি খুঁজে ফিরি পুরুষে পুরুষে
কবিতা লিখব বলে হৃদয়ে মুগ্ধতা রাখি পুষে

আমারও তো চারপাশে কত প্রিয় পুরুষের ভিড়
প্রত্যেকের জন্য রাখি ভালোবাসা গভীর গভীর
কখনও সে উদাসীন, দেয় না আমার ডাকে সাড়া
তবুও বাঁচব না আমি এ হৃদয়ে পুরুষকে ছাড়া

তেমন পুরুষ পেলে তার বুকে মাথা রেখে কাঁদি
যত রেগে যান না কেন, যাঁরা নিতান্তই নারীবাদী

৭৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা