মণীন্দ্র গুপ্ত

কবিতা - মহিম্ন স্তোত্র

মণীন্দ্র গুপ্ত
রবিবার, ০৩ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা

বাউলের মতো আমি ভিতরে জ্বালাব বাতি : এই অলীক

ঘুরিয়ে মেরেছে বহুদিন। বহুদিন এই জন্যে নির্বাপিত থেকেছি আঁধার

ঐ টিমটিমে নিজস্ব বাতির জন্য এত লোভ!—এই এক অভিমান, মায়া।

তবু ভাগ্য, ঈশ্বর আমাকে ফিরিয়েছেন ঠিক পথে—রোদ্দুরে, কাদায়, জলধারে,

মোষের মতন পাঁকে, সাপের মতন পদ্মবনে, সন্ন্যাসী-বাঁদর-অভিমানে।

ভাগ্যিস জ্বলে নি আলো, তাই এখন বিশালতা ছুঁতে পারি :

নীলের গহন অভ্যন্তরে ফুটে ওঠে সুদূর মন্দির। এখন মেঘের দেশে

বেলা যায়। ভেসে যায় স্নেহে দশদিকে তোমার হাসির মুখখানি।

আমি বিকেলবেলার সূর্যে মুখ রেখে, অবাস্তব এখন মিলিয়ে যেতে পারি,

যাই নীরব রোদ্দুরে।

পরে পড়বো
১০৭
মন্তব্য করতে ক্লিক করুন