মারুফ আহমাদ

কবিতা - ইচ্ছা

মারুফ আহমাদ
শুক্রবার, ১৫ মে ২০২৬ আধ্যাত্মিক কবিতা, বিবিধ কবিতা

কতজনের কত সব
বাহারি রকমের স্বপ্ন থাকে।
কেউ বৈমানিক হতে চায়,
কেউ হতে চায় ব্যারিস্টার,
আর ডাক্তার-ইঞ্জিনিয়ার তো মুখস্থ বুলি—
অহরহই হতে চায়।
কেউ হতে চায় বাঘা সাহিত্যিক,
কেউ হতে চায় প্রেমিক কবি,
আবার ছদ্মবেশে কেউবা
হতে চায় মানবতাবাদী।
সবার উদ্দেশ্য—মানুষের সেবায় ব্রতী হওয়া,
সমাজের কল্যাণে কাজ করা,
স্বদেশের হিতে হিত হওয়া—
আর ঝোপ বুঝে কোপ মেরে
নিজের পকেট ভারি করা।

আমার বাপু, ওসব মহতি স্বপ্ন-টপ্ন নেই।
তবে থাকার মধ্যে—
ছোটখাটো একখান ইচ্ছা আছে।
ইচ্ছা বলতে অলীক একটা ‘হতাম’ আরকি!
আহা! আমি যদি পাখি হতাম!
তাই বলে স্বপনচোরা পাখি নয়—
যে পাখির ডানায় ভর করে দার্শনিকেরা
আকাশ ছুঁয়ে দেখতে চায়,
বাতাসের স্বাদ চেখে দেখতে চায়;
যেই পাখির পরাগ পেলে কবিগণ
রাত-দুপুরে মাতলামি করে বেড়ায়—
অমন ফালতু পাখি হওয়ার শখ
আমার কস্মিনকালেও নেই।
আমার ইচ্ছা—
নিতান্ত গোবেচারা ধরনের
একটা পাখি হওয়া।
যেমন পাখি চিড়িয়াখানায়
চুপচাপ বসে থাকে।
এমন একটা অকর্মার ঢেঁকি হতে পারলেই
জীবনটা আমার ধন্য হয়।

কেউ কি পারো—
আমায় এক চড়ে
চিড়িয়াখানার খাঁচায়
দিতে ভরে!

পরে পড়বো

মন্তব্য করুন