কবিতা - অদ্ভুত একটি শব্দ—বিপ্লব

মারুফ আহমাদ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ বিদ্রোহী-দ্রোহের কবিতা, বিবিধ কবিতা

বিপ্লব বড় অদ্ভুত একটি শব্দ
এর বানান পাওয়া যায় সুশীলদের অভিধানে
আর অর্থ খুঁজে পাওয়া যায় অনাহারীর অভুক্ত পেটে।
গভীর রাতে নগ্নগায়ে রেলস্টেশনে পড়ে থাকা
সেসব ছিন্নমূল মানুষের বুকে এর বীজ জন্ম নেয়।
চিকিৎসার অভাবে মারা যাওয়া
অভাগীর নিথর দেহে;
শীতের রাতে ভগ্নস্তুপে নগ্ন পড়ে থাকা
শিশুটির কম্পিত ঠোঁটে
বিপ্লব শৈশব অতিক্রম করে।
সময়ের আবর্তনে বাস্তবতার দহনে দগ্ধ হয়ে
শিক্ষিত বেকার যুবকের দীর্ঘশ্বাসে মিশে
পদার্পণ করে কৈশোরে।

শাসকদল তাকে দেখলে ভয় পায়
অথচ সে-ই বঞ্চিতের স্বপ্ন।
বিপ্লবের মড়কে দুর্গ আক্রান্ত হলে
প্রাণ নিয়ে শাসক পালিয়ে যায়।
একদা বঞ্চিত এসে বসে
সুরক্ষিত দুর্গের সুউচ্চ আসনে।
ক্ষমতার ঘ্রাণ নাকে পৌঁছানোর পর
একদা যে ছিল বিপ্লবের সন্তান
সেও বিপ্লবকে ভয় পায়।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন