কবিতা - পাঁচ টাকার চিকিৎসা

আতিকুর রহমান অন্তর

পাঁচ টাকার টিকিট হাতে
দাঁড়িয়ে থাকা জনতার ভিড়,
অজগরের মতো লম্বা লাইন
গিলে খায় তিন ঘণ্টা।
যন্ত্রণা আর অপেক্ষার ক্ষত নিয়ে
মানুষ দাঁড়িয়ে থাকে
চিকিৎসার আশায়, জীবনের ভরসায়।

চারিদিকে নোংরা পরিবেশ,
দেয়ালে ধুলো, বাতাসে গন্ধ,
অসুস্থ দেহের পাশে অসুস্থ সিস্টেম,
যেখানে মানবতার আলো বহু আগেই নিভে গেছে।

ভেতরে চলে স্বজনপ্রীতির খেলা,
সুপারিশে বদলে যায় রোগীর ক্রম,
মানুষ নয়, এখানে প্রাধান্য পায়
ক্ষমতা আর টাকার রঙ।
গরিবের চোখে জমে ওঠে নীরব প্রতিবাদ,
কিন্তু তার কণ্ঠস্বর শোনে না কেউ।

এই কেমন চিকিৎসা,
যেখানে জীবন এত সস্তা?
এই কেমন রাষ্ট্র,
যেখানে সরকারি হাসপাতাল মানেই অবহেলার প্রতিচ্ছবি?

– আতিকুর রহমান
২১ সেপ্টেম্বর, ২০২৫।

পরে পড়বো
৭০
মন্তব্য করতে ক্লিক করুন