১লা ফেব্রুয়ারি এখন আর বইয়ের ঘ্রাণে ফেরে না,
ফেরে কেবল এক অদ্ভুত বিচ্ছেদের হাহাকার।
আমরা পাহাড়ি ঝরনা রুখে দিই,
আমরা বাঙালির সহজ আলপনা মুছে ফেলি অবহেলায়।
তারপর, উৎসবের আঙিনায় দাঁড়িয়ে
নারীকে শব্দে বিঁধি—
তাকে ‘বেশ্যা’ বললে যদি জনমত বাড়ে,
তবে বুঝব, আমাদের মজ্জায় বাসা বেঁধেছে আদিম অন্ধকার।
যাঁরা ভাবছেন ভোট বাড়ছে,
তাঁরা কি দেখছেন না—
একটি আস্ত মানচিত্রের বিবেক ছোট হয়ে আসছে?
মৌনতা তো সম্মতিরই নামান্তর,
আমরা কি তবে কেবল এই ঘৃণার মিছিলেই পা মেলাব?
অক্ষর মরে যাচ্ছে,
বেঁচে থাকছে কেবল আস্ফালনের কর্কশ ধ্বনি।


মন্তব্য করতে ক্লিক করুন