রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - যেন শেষ গানে মোর সব

রবীন্দ্রনাথ ঠাকুর
শনিবার, ১৮ মে ২০২৪ বিবিধ কবিতা

যেন শেষ গানে মোর সব রাগিণী পূরে–
আমার সব আনন্দ মেলে তাহার সুরে।
যে আনন্দে মাটির ধরা হাসে
অধীর হয়ে তরুলতায় ঘাসে,
যে আনন্দে দুই পাগলের মতো
জীবন-মরণ বেড়ায় ভুবন ঘুরে–
সেই আনন্দ মেলে তাহার সুরে।

যে আনন্দ আসে ঝড়ের বেশে,
ঘুমন্ত প্রাণ জাগায় অট্ট হেসে।
যে আনন্দ দাঁড়ায় আঁখিজলে
দুঃখ-ব্যথার রক্তশতদলে,
যা আছে সব ধুলায় ফেলে দিয়ে
যে আনন্দে বচন নাহি ফুরে
সেই আনন্দ মেলে তাহার সুরে।

১১ শ্রাবণ, ১৩১৭

পরে পড়বো
৩৬৪
মন্তব্য করতে ক্লিক করুন