কবিতা — অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে

শুক্রবার, ১৩ জুন ২০২৫ প্রেমের কবিতা, বিরহের কবিতা

অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে
চল্‌বেনা।
এবার হৃদয় মাঝে লুকিয়ে বোসো
কেউ জানবেনা কেউ বলবেনা।

বিশ্বে তোমার লুকোচুরি,
দেশ বিদেশে কতই ঘুরি,
এবার বল আমার মনের কোণে
দেবে ধরা, ছলবেনা!
আড়াল দিয়ে লুকিয়ে গেলে
চল্‌বে না।

জানি আমার কঠিন হৃদয়
চরণ রাখার যোগ্য সে নয়,
সখা তোমার হাওয়া লাগলে হিয়ায়
তবু কি প্রাণ গলবেনা?

না হয় আমার নাই সাধনা!
ঝরলে তোমার কৃপার কণা
তখন নিমেষে কি ফুটবেনা ফুল
চকিতে ফল ফল্‌বেনা?
আড়াল দিয়ে লুকিয়ে গেলে
চলবেনা।

১৮৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা