রমজান আল সিয়াম

কবিতা - নিস্তব্ধতার উত্তর

রমজান আল সিয়াম
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ প্রেমের কবিতা, বিরহের কবিতা

তোমার চিঠির ভাঁজে লেখা ছিল এক অবুঝ প্রশ্ন—
“তোমাকে ছাড়া কি আমি থাকতে পারব?”
সেদিন কোনো উত্তর দিইনি, দিতে পারিনি;
কোন মুখ নিয়ে দাঁড়াতাম তোমার ওই স্বচ্ছ আয়নার সামনে?
বুকের ভেতর তখন নাম না জানা কোনো এক হাহাকার,
এক নিঃশব্দ কান্নায় হৃদপিণ্ডটা যেন শতখণ্ড হয়ে যাচ্ছিল।
আমি তো মগ্ন ছিলাম এক নিবিড় ধ্যান সাধনায়,
সৃষ্টিকর্তা আর আমার মাঝে ছিল না কোনো তৃতীয় দেয়াল।
হঠাৎ কারা যেন সেই পবিত্র ধ্যান ভেঙে দিল!
একাকীত্বের বোঝা সরাতে গিয়ে যখন আমরা দুজন থেকে তিনজন,
কিংবা তিন থেকে চার বা তারও অধিক হলাম—
তখন পরিস্থিতি আর আমার মুঠোয় রইল না।
হয়তো এজন্যই আমি ‘পুরুষ’ হয়ে জন্মেছি,
যাকে আবেগের চেয়ে কর্তব্যের কাঁটাতার বেশি বিদ্ধ করে।
পরিস্থিতির সেই নিষ্ঠুর গল্প আজ তোমায় শোনাব না,
শুধু এটুকুই বোঝো—আবেগ দিয়ে পৃথিবী চলে না;
আবেগ কেবল প্রেম-ভালোবাসা আর ছেলেমানুষিতেই মানায়।
আমার বিশ্বাসে পরজনমে ফিরে আসার কোনো শাস্ত্র নেই,
নেই কোনো নতুন যুগে পুনরায় পদার্পণের পথ।
তবুও, কোনো এক নিভৃত মোনাজাতে আমি তোমার জন্য অভিশাপ নয়,
বরং দুহাত তুলে এই দোয়াই করব—
যদি স্রষ্টা কখনো সুযোগ দেন, তবে তুমি ঠিক আমার মতোই
একজন ‘পুরুষ’ হয়ে এই পৃথিবীতে ফিরে এসো।
তখন হয়তো বুঝবে— নীরব থাকা কতটা কষ্টের,
আর উত্তরহীন চিঠির ভার কতটা পাথরের মতো ভারী!

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন