শংকর ব্রহ্ম

কবিতা - ক্যানভাস

শংকর ব্রহ্ম
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ প্রেমের কবিতা

ক্যানভাস
শংকর ব্রহ্ম

আকাশটা আজ হালকা নীল, যেন তোমার শাড়ির আঁচল,
রাধাচূড়ায় ফুলে ফুলে সাজলো ডাল, মাতাল সমীরণ।
ঝরে পড়া ফুলে হলুদ হলো চেনা পথের বাঁক,
ফুলওয়ালা যায় মাড়িয়ে তাদের, শোনায় না আর ডাক।
জানলায় তুমি, মুক্ত আকাশ, নীল শাড়ির ঐ রূপ,
পাখিটা উড়ে গেলো দূর সীমানায়, আমি রইলাম চুপ।
কতদিন হলো আমি আর দিই না শিস,
ধূসর সন্ধ্যায় নামে কালপুরুষের আমন্ত্রণ, বিষাদ-বিষ।
বন্ধু আমার আকাশজুড়ে, ডাকছে তারাদের মেলায়,
জ্বর গায়েও যেতে হবে আমায়, অমোঘ নিয়তি খেলায়।
তবুও ভেসে আসে মিষ্টি গন্ধ, গানের সুরের মতো,
দেখাবে কি আমায় কোনোদিন, মনের গোপন ক্ষত?
পার্কের বেঞ্চে তুমি আর আমি, ফুলের চেয়েও মিষ্টি মুখ,
সুর আর রঙে মাখামাখি, এভাবেই পেতে চাই সুখ।
ছবি আঁকব আমি বিভোর হয়ে, তোমার মুগ্ধতায়,
সুরের টানে হারিয়ে যাব, ধূসর সন্ধ্যায়, দূর অজানায়।

পরে পড়বো

মন্তব্য করুন