নিষেধ
শংকর ব্রহ্ম
অনেকেই নিষেধ করেছে
অথচ বারণ শুনিনি আমি
কবিতা,হে প্রেয়সী আমার
তোমাকেই সর্বস্ব পণ করে
আমি এক জুয়ায় মেতেছি।
অনাহারে কেটে গেছে দিন
তবু আমি তোমাকে ছাড়িনি
অথচ যারা সব প্রিয়জন ছিল
আমার এই দুর্মতি দেখে
আমাকে পাগল ভেবে করুণা করেছে,
আর সব ধীরে ধীরে সরে গেছে দূরে
আমাকে মুক্তি দিয়ে নির্জন করেছে।
যদি আমি মৃত্যুরও মুখোমুখি হই
তোমার কারণে,
হে প্রেয়সী আমার
কবিতা সুন্দরী
তোমার করুণ শঙ্খে ওষ্ঠ রেখে
মরে যেতে রাজী আছি আমি।

মন্তব্য করতে ক্লিক করুন