শঙ্খ ঘোষ

কবিতা - বাজার

শঙ্খ ঘোষ
মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ অন্যান্য কবিতা

ভেবেছিলাম সঙ্গ পাব একটা কোনো বেলা
গলির মুখে একলা দুহাত মিলবে এসে হাতে
এক লহমার চোখের চাওয়ায় ভাসিয়ে নেবে আমায়
টান দেবে কোন্ দশ লহরের গঙ্গাযমুনাতে।

বাইরে এলে চোখ পুড়ে যায়, এদিকওদিক জুড়ে
বিশ্বলোকের চরকি ঘোরায় যাকিছু জমকালো
যেদিকে চাই সমস্তটাই উৎসবে-ঝংকারে
রূপের উপর রূপ ঢেলে দেয়, আলোর উপর আলো।

ঝলসানো সেই আলোয় দেখি তুমি কোথাও নেই
চিহ্ন কেবল ছড়িয়ে আছে আদ্যোপান্ত সাজার–
গমক ধুলো কাপাসতুলো হাড়কাঁকরের পাশে
আমি শয়ান পথে আমার বুকের উপর বাজার ।

পরে পড়বো
৬৯১
মন্তব্য করতে ক্লিক করুন