আমাকে যদি স্বাধীনতার কথা জিজ্ঞেস করেন
আমি প্রথমেই বলবো ভাত,
যদি জিজ্ঞেস করেন জীবিকার কথা
আমি আবারো বলবো ভাত,
যদি সভ্যতা ও মানুষের কথা জিজ্ঞেস করেন
আমি বলবো- পরম করুণাময় ও
অশেষ দয়ালু মহান কৃষকের নামে শুরু।
আপনি এথেন্সের দার্শনিকদের কথা বলতে পারেন
এবং দেখাতে পারেন ইউরোপ জুড়ে রেনেসাঁর স্মৃতি।
আমি তবু মগজ আর পাকস্থলীর বিতর্কে
পা না রেখেই বলবো- ভাত।
যেহেতু মহামতি প্লেটো সক্রেটিস ভিঞ্চি আর দেকার্তে
সকলেই পাকস্থলীতে পুষেছেন মগজ
আর পৃথিবীর মাতৃভাষা আজও ক্ষুধা।
ক্ষুধার প্রশ্নে পৃথিবীতে যুদ্ধ হয়েছে ঢের
বুলেটের ভারে কোনো দিনও মেটেনি পেটের জ্বালা
যুদ্ধে বিজয়ী পতাকা জিতেছে ফের
তবু কৃষকের সামনে একই শূন্য ভাতের থালা।
অতএব,
যতদিন ভাত দিতে পারছেন না
কীসের স্বাধীনতা কীসের জিন্দাবাদ?
ততদিন আমার সকল চিৎকার হবে ভাত,
ততদিন আমার সিনেমার নাম হবে
‘ভাত দে হারামজাদা’
ততদিন আমার কবিতার নাম হবে
‘ভাতের ভূগোল’
এস. এম. সুলতান ততদিন আঁকবেন
পরিপুষ্ট ভাতের ছবি,
আর যতদিন ভাত দিতে পারছেন না
আপনার পতাকা পোস্টকার্ড ও সংবিধান
ডাস্টবিনে ছুড়ে ফেলুন,
তৃতীয় বিশ্বের জনপদে জ্বালানির বড়ো অভাব,
দরিদ্র চুলোয় কিছু লাকড়ির খরচ বেঁচে যাবে।
কবিতা — তৃতীয় বিশ্বের কবিতা
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সাম্য-জীবনমুখী কবিতা
,
বিদ্রোহী-দ্রোহের কবিতা
৩৮
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম