শ্বেতা চক্রবর্তী

কবিতা - আমায় নিয়ে খেলতে

শ্বেতা চক্রবর্তী
বুধবার, ০৬ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা

আমায় নিয়ে খেলতে খেলতে তোমার যখন ইচ্ছে হলো,
এবার একটা অন্য খেলায় যাবে,
আমি টুসটুসে গাল চুমায় চুমায় ভরিয়ে দিয়ে বলি,
যাও…
আমার জেনো,নাও ভর্তি জল,
আমার জেনো,জল ভর্তি নাও..!
তুমি বললে,ফিরে আসতেও পারি..
তুমি নদীর ধারে থেকো,
প্রিয় নৌকাখানি রেখো..
আমিও বলি,আমিও দেখো নোলক-নাড়া মেয়ে,
আমি আমার চেয়ে অনেকখানি বড়ো,
আমারও তো খেতভর্তি ধান..
আমারও তো নিত্য নতুন খেলার আহ্বান..
অতএব..
কে কার আর অপেক্ষাতে থাকে..?
কে কার আর ভেতর ভরে রাখে..!
তুমি চমকভরা দুচোখ নিয়ে ফিরে তাকালে..
আমায় নিশীথ ডাকালে..
আমি ভোরের চেয়ে বেশি
পাখির কলতান.
আমি যমুনাময় গান..
তুমি অন্য খেলায় যাও..
আমি আমার খেলাখানি
জীবন ভরে আনি..
তুমি ফুরিয়ে দিতে চেয়ে
আমায় ভরিয়ে দিয়ে গেলে..
এবার আমার ছুটি..
আমি আকাশখানা মেপে
বৃষ্টি হয়ে ফেটে পড়বো এবার
হৃদয়ে সংক্ষেপে
ক্ষতির চেয়ে,ক্ষতর চেয়ে বেশি
আমার অষ্টাদশী আলোয়..
আমি কাঙালী আর কালো,
আমার ক্ষমায় ভরা ধান.
আমার নিতুই আহ্বান..
গহনজলে ছলোছলো আমার গল্পশেষের গল্প..
আমার তোমারই মতো খেলার ঘর নয় অল্পস্বল্প..
আমায় নতুন স্বরলিপি খুলে গান তুলতে দাও..
আমার নিত্য গীতবিতান..
আমায় গানের রেশ হারিয়ে
গান ভরতে দাও..!
তুমি তোমার নতুন খেলায় যাও..!

পরে পড়বো
৬২
মন্তব্য করতে ক্লিক করুন