তারাপদ রায়

কবিতা - আমরা তাকে ভুলিনি

তারাপদ রায়
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ অন্যান্য কবিতা

আজ সাতদিন হলো আমাদের বিড়াল ছানাটি
কাউকে কিছু না বলে, কিসের দুঃখে,
কোথায় যে চলে গেলো —
আমরা কিছুতেই তাকে খুঁজে পেলাম না ।
দিনের বেলায় ততোটা খেয়াল হয় না
কিন্তু আমাদের সারারাত
একটি সাদা-সোনালি বিড়াল ছানার
নরম মিউমিউ কান্নায়
টিনের ছাদে বৃষ্টি পড়ার মতো অনবরত
অনন্ত নভস্তলে একটি পলাতক বিড়াল শিশুর
অসহায় মায়াবি কান্না ।
আমাদের রাত কাটতে চায় না,
ভোরবেলা আমরা শুকনো মুখে বিছানা থেকে উঠি ।

একটি সামান্য বিড়াল ছানাকে নিয়ে এই কাঁচা কবিতা
যদি আপনাকে সামান্য স্পর্শ করে
আপনাকে অনুরোধ —
অনন্ত নভস্তলে সেই সাদা-সোনালি শাবকটির সঙ্গে
যদি কোথাও দেখা হয়ে যায় আপনার
তাকে বলবেন
আমরা তাকে ভুলিনি, আমরা তাকে খুঁজছি ।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন