দেবব্রত সিংহ

কবিতা - আমরি বাংলা ভাষা

দেবব্রত সিংহ
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ অন্যান্য কবিতা

ওরা তিনজন সাতসকালে অনেক পথ হেঁটে

ধুলো পায়ে গ্রাম থেকে শহরে,

শহরের মহকুমা শাসকের দপ্তরে

ওরা তিনজন তিন দিকের তিন প্রান্তের মানুষ

ওরা চেনে না কেউ কাউকে

তবু একটা কোথাও মিল আছে ওদের

মিলটা অন্য কিছু না

ওরা তিনজন সদর মহকুমার গ্রামের মানুষ

ওরা তিনজন তিন গ্রামের গতরজীবি মানুষ

অনক্ষর হা অক্ষরে মানুষ

তবু ওদের মধ্যে সনাতন বাউরী একটু-আধটু

লিখতে পড়তে পারে

সোলেমান হাসান আর বসনি মাহাতো তাও পারে না

তাই মহকুমা শাসকের দফতরের সামনে

ঝুরি নামানো বটতলায় যারা টেবিল পেতে বসে থাকে

তাদের একজনকে দিয়ে কিছু নগদ মূল্যের বিনিময়ে

লেখাতেই হলো অভিযোগ পত্র

বসনি মাহাতো অভিযোগপত্রে যা লেখালে তা হল,

” আমার ছেলে ভাত দেয় না আমাকে

জায়গা জমি ভিটা মাটি যা ছিল

সব জোর করে মারধর করে লিখিয়ে নিয়েছে

পার্টিবাবুদিকে বলেছি

পঞ্চায়েতকে বলেছি

কেউ কোন গা করে নাই

তারা উল্টে আমাকে কথা শুনিয়ে বলেছে

বয়স কালে ছেলের কথা না শুনলে এরকমই হয়

আপনি হুজুর এর একটা বিধান করবেন”,

সোলেমান হাসানের অভিযোগটা অন্যরকম

তার পুকুরপাড়ের পশ্চিমে দেড় শতক জমির আলে

দেওয়াল তুলে ঘর বানিয়েছে সাদিকুল,

তার অনেক ক্ষমতা

দাদা পঞ্চায়েতের মেম্বার

পার্টির নেতা

বেশি বাড়াবাড়ি করলে মাথা কেটে নেওয়ার

হুমকি দিয়ে শাসিয়ে গেছে সে

এর একটা বিহিত চায় সোলেমান,

সনাতন বাউরির কথা আলাদা

সাদা কাগজে নীল কালির আঁকা বাঁকা হরফে

যে দরখাস্তখানা সে লিখে এনেছিল

তাতে সে প্রার্থনা করেছিল কিছু আর্থিক সহযোগিতার

মেয়ের কিডনি খারাপ

কলকাতায় চিকিৎসার জন্য

তার অর্থ সাহায্যের দরকার |

সাদা বাংলায় সাদা কাগজে ওদের তিনজনের

আবেদনপত্র জমা নিয়ে প্রধান করণিক বললেন,

“এখন আপনারা বাড়ি যান

সাহেব দিন দেবেন শুনানির

সেই দিন পেলে চিঠি যাবে আপনাদের বাড়িতে

তখন আপনারা আসবেন” |

বাড়িতে ফিরে চিঠির প্রতীক্ষা ওদের

সে দেখতে দেখতে গড়িয়ে যায় মাস তিনেক

তারপর যথারীতি একদিন চিঠি আসে

মহকুমা শাসকের বিভাগীয় আধিকারিকের

স্বাক্ষর করা চিঠি

সে চিঠি খুলে আলোঝলমল সকালে

ঝাপসা হয়ে গেল ওদের মুখ

ওরা চিঠি হাতে কি করবে কিছু পেলে না খুঁজে

তাই একান্ত অসহায় নির্বোধের মতন

দাঁড়িয়ে রইলে চিঠি হাতে

আসলে ওরা তিনজন বিদ্যাহীন অবিদ্বান মানুষ

ওরা তিনজন অপন্ডিত অব্যুৎপন্ন মানুষ

এটা কিছুতেই বুঝে উঠতে পারছিল না

সাহেবি আমলের হাসিম শেখ আর রামা কৈবর্তদের সময় থেকে এটাই চলে আসছে

এটাই রীতি

এটাই নিয়ম

সেই নিয়ম মেনে বাংলা চিঠির উত্তর

দেওয়া হয় না বাংলায়

সেই নিয়ম মেনে বাংলা চিঠির উত্তর

দেওয়া হয় ইংরেজিতে

এটাই অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ

এই বঙ্গের সাহেবদের এটাই অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ।

পরে পড়বো
১৫৪
মন্তব্য করতে ক্লিক করুন