পাপন বসুনিয়া

কবিতা - পুরনো রাস্তায়

পাপন বসুনিয়া
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ অন্যান্য কবিতা, বিবিধ কবিতা

সময়ের কাছে আমাদের কোনো নাম নেই
শহরের বাতাস এখনো একই রকম ভারী,
হেমন্তের সকালে রোদ্দুর এলিয়ে পড়ে জানালার ফ্রেমে,
তবু কিছুই আর ঠিক আগের মতো নেই—
রাস্তার ধুলো উড়ে গিয়ে বসে আছে চায়ের কাপের কিনারে,
ফুটপাতের ছায়াগুলো এখন আর আমাদের পায়ের নিচে ঝরে না।

কতদিন হলো রাতের ট্রেনের শব্দ শোনা হয়নি,
কতদিন হলো অকারণে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে
শহরের শেষ মোড়ে এসে দাঁড়াইনি,
কতদিন হলো সন্ধ্যার প্রথম তারা দেখতে গিয়ে
তোমার কথা মনে পড়েনি— জানি না।
সময়ের কাছে আমাদের কোনো নাম নেই,
আমাদের দিনলিপি এখন পুরনো কাগজের মতো
বাতাসের টানে উড়ে গেছে কোনো জানালার ফাঁক দিয়ে।

কিন্তু তবু কি কখনো মনে হয়—
এখনো কোনো এক নির্জন দুপুরে
ঝরা পাতার ভেতর হারিয়ে যাওয়া কিছু শব্দ পড়ে আছে,
যেগুলো আমরা আর কোনোদিন বলিনি,
যেগুলো সেদিন সন্ধ্যার বাতাসে মিলিয়ে গিয়েছিল,
যেভাবে একদিন আমরাও মিলিয়ে গেছি শূন্যতার ভেতর?

জানো, আমাদের আর প্রেম না হোক,
কিন্তু একদিন যদি ভুল করে পুরনো রাস্তায় হাঁটতে গিয়ে
আমাদের ছায়াগুলো একে অপরের পাশে এসে দাঁড়ায়,
তবে কি সময় সেদিন একটু থমকে দাঁড়াবে?
তবে কি বাতাসে ভেসে আসবে সেই পুরনো সুগন্ধ,
যেটা একদিন সন্ধ্যার সঙ্গে মিশে গিয়েছিল
আমাদের অজান্তেই?

পরে পড়বো
৩৯
মন্তব্য করতে ক্লিক করুন