আমি নির্মল প্রশান্ত ভোরের
ডানা মেলা মুক্ত আকাশের পাখী,
পৃথিবীর টানে আর কুসুমের ঘ্রানে
সবুজ ছুঁয়ে দিগন্তে চোখ রাখি।
উচু উচু গিরি-পর্বত বেয়ে,
অবারিত সুনীল আকাশ ছুঁয়ে—
নব দিগন্তের সুখ-আস্বাদনে
হারিয়ে যাই একা মনের গহনে।
আমি এক অতীব ক্ষুদ্র বিন্দু,
ব্রহ্মাণ্ড যদিও এক অনন্ত সিন্ধু—
অনুভবে,চেতনার গভীরস্তরে;
পৌঁছে যাই মুল কেন্দ্র-কুহরে।
সর্বশক্তিমান স্রষ্টা আমার হৃদয়ে
দিয়েছেন জ্বেলে আলোক-জ্যোতি;
মনশ্চক্ষে দেখি তাই অনন্ত অপার—
বস্তু-অবস্তুর অন্তর, দৃশ্যমান দ্যুতি।
অনন্ত বিশ্বের সাথে একাত্ম ভাবনায়
হৃদয়ে আসেনা অস্তিত্ব হারানোর ভয়;
তূরীয়ানন্দে আস্বাদি জগতের সব—
ভুলে গিয়ে আমি এক ক্ষুদ্র মানব।

মন্তব্য করতে ক্লিক করুন