আমানত উল্লাহ মানিক

কবিতা - বিষন্ন কবিতার শহর

আমানত উল্লাহ মানিক
রবিবার, ২২ মার্চ ২০২৬ প্রেমের কবিতা, বিরহের কবিতা

কবিতা
বিষন্ন কবিতার শহর
আমানত উল্লাহ মানিক
মনে হয় হারানো কোনো প্রাচীন সভ্যতার;
ইনকা,মায়ান কিংবা আটলান্টসের
দৈবাৎ বেচে যাওয়া কোনো স্তব্ধ নগর,
কালীদাস বাজার-
আমার বিষন্ন কবিতার শহর।
কতো রাত কেটে গেছে বিনিদ্র আমার,
কতো কাল কেটে গেছে নিঃসঙ্গ জীবন,
কেউ লিখে রাখেনি সেই ইতিহাস,
কতো নীরব যন্ত্রণা এই হৃদয়ে,
জানে শুধু বিষন্ন শহর কালিদাস।
এখানে রাত্রি নামে নীরব,নিস্তব্ধ,নিকষ আধার,
মনেহয় এ-যেনো রাত নয়- কৃষ্ণগহ্বর,
গ্রাস করে নেবে পৃথিবীর সমস্ত আলো ;
বিষন্ন-যাতনময় কৃষ্ণগহ্বরে ডুবে যেতে যেতে
অকস্মাৎ একদিন–
পৃথিবীর প্রাচীন ইতিহাসের পৃষ্ঠা থেকে
ওঠে এসেছিলো প্রেমময়ী দেবী,
কবিতা,
আমাকে দিয়েছিলো নতুন জীবন।
তারপর কতো স্মৃতি, কতো আলাপন,
কতো মূহুর্ত কেটে গেছে উষ্ণ আলিঙ্গনে,
সে ইতিহাস কেউ জানেনা
কেবল শতবর্ষী বটবৃক্ষ জানে।
জানে কালীদাস পন্ডিতের পুকুর,
আর জানে জঙ্গলবাড়ি;
কতোটা কাব্যময় হয়ে উঠেছিলো এই পৃথিবী-
কবিতার ছন্দে।
তারপর এলো প্রলয়ের কাল;
হেলন ভেঙ্গেছিলো ট্রয়,
কবিতা ভেঙ্গে দিলো আমার হৃদয়।

রচনাকাল ঃ- ১৩-১০-২০২৫
প্রকাশকাল- অমর একুশে বইমেলা-২০২৬
কাব্যগ্রন্থ – একফোঁটা শান্তির খোঁজে

পরে পড়বো
৭৯
মন্তব্য করতে ক্লিক করুন