Amarendra sen

কবিতা - সূরার গন্ধ

Amarendra sen
বুধবার, ২৫ মার্চ ২০২৬ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

ঝলসানো মাংসের পাতে সূরার গন্ধ লেগে নাসিকাতে,
লুটে নেবার ইচ্ছা জেগেছিল ধিকি ধিকি মনের জলসায়।
সেই কবে আদিম গুহায়— কোটরে নিত্য সংগ্রাম,
পাথরের বোঝা বয়ে পিঠে অস্তিত্ব বাঁচানোর রোখে,
ক্ষয়ে ক্ষয়ে পাষাণের বিছানায় লিপ্সু চোখে স্বপ্ন দেখে ।

মরুর বুকে বয়ে যায় ঝড়— সলিলহীন, শুষ্ক, ঊষর;
মরুযাত্রী মরীচিকার মূর্ছনায় ছুটে চলে মরণের পার।
মনের পেয়ালা ভরাতে হরিণের চোখ উদ্দাম উচ্ছ্বাসে—
কেবা আগে কেবা পিছে ছুটে যায় মরণের আশে;
মান্ধাতার যোগের শুষ্ক নিরাশে মহা ভোগের পার—
থেমে যায় ইতিহাসের এক পাতায় দম্ভের হিটলার;
সাগরের মাঝে মরণের ফাঁদে রুক্ষ পাহাড় গিরিখাদে,
কিবা মরুর মাঝে— থামে নাই মনের পেয়ালা ভরাতে;
শহরের কোণে খুঁজেছি গোপনে, বিজনে-গলি পাশে—
কোলাহলের শহরে,পাপের সুখবিলাস লাস ভেগাসে।

আনন্দের সুরায় বেদনাকে জানাতে হবে চির বিদায়,
কত রাত জেগে থাকা, ঘুম ভাঙা কত স্বপ্ন যামিনী;
সূরার পেয়ালা শূন্য হয়ে যায়— একে একে কত যে
নতুন মোড়কে কিনে আনা চমকের শত শত ভামিনী।

সূরার সংগ্রামে ক্ষমতার জোরে কেড়ে খায়—
জন্মের অধিকার, ধরণীর দুর্বল মানুষের সুখ;
পেয়ালা ভরাতে চেয়ে বোঝে না যে কেউ—
কে আপন কে পর,কোন ভাই পেল বুকে দুঃখ,
জানা-অজানায় সূরার লাগি মানুষ উদগ্র উন্মুখ।
ফিরি নিয়ে শুধু ধুলার মরীচিকা খুঁজতে গিয়ে;
ভরাতে চাই যা কিছুই খুঁজে পাই তাই দিয়ে—
তবু ফিরি রিক্ত শূন্য হাতে মনের পেয়ালা ভরাতে,
ন্যায়-অন্যায়ের জাল বুনে না পাওয়ার বেদনাতে।

পরে পড়বো
১০
মন্তব্য করতে ক্লিক করুন