কেতকী কুশারী ডাইসন

কবিতা - সালত্সবুর্গের বৃক্ষশাখা

কেতকী কুশারী ডাইসন
রবিবার, ১২ এপ্রিল ২০২৬ অন্যান্য কবিতা

ঠিক এমনই নয়
যে প্রত্যেক সম্পর্কেই
পথ চলতে চলতে
কেবলই কর্তব্যবোধটা ঝোলার মতো

কাঁধে থাকে, অনুভবটা ঝ’রে যায়
ফুটোওয়ালা বালতি থেকে জলের মতো |
যাদের অভিজ্ঞতা ঐরকম,
করুণার্হ তারা নিশ্চয় সংখ্যাল্প |

কর্তব্যবোধ আর উচ্চতর হৃদয়াবেগ
দুটোই যে অন্তঃস্থ- ক’রে-নেওয়া সংলাপ,
মাথার ভিতরকার সার্কিট,
পরস্পরে জড়িয়ে আছে—

আলাদাই বা করবে কী ক’রে |
বিশ বছর, পঁচিশ বছর, ত্রিশ বছর
রাস্তা দিয়ে একসঙ্গে হাঁটতে হাঁটতে
ঝড়ের বেগটা ক’মে যায়, কিনতু থাকতেই পারে

সেই মৃদু মিষ্টি জল, বৃষ্টি,
ধারাবাহিক অনবচ্ছেদ, প্রবাহ—
তীব্রতার পর কলসী-উচ্ছলিত কোমলতা,
দ্বিতীয়টা প্রথমটার জাতক |

যেমন বছরের পর বছর
কাঠের পিপেয় মদিরা পায় পরিণতি,
খনিতে তৈরি হয়ে ওঠে হীরা,

বৃক্ষশাখা হয়
রূপান্তরিত, কেলাসিত, দীপ্ত,
যাকে আর চেনা যায় না, তবু যার সৌন্দর্য সত্য—
যেমন বলেছেন ভিক্টোরিয়া ওকাম্পো

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন